কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: কাউন্সিলর আবুল হাসান রিমান্ডে 

কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর রহমান ওরফে গোলাম জিলানীকে (৪৮) হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (২৮ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২নং আমলী আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এ আদেশ দেন। 

সূত্র জানায়, উক্ত মামলাটি প্রথমে তদন্ত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গত ২ ডিসেম্বর মামলাটির তদন্তের দায়িত্ব পান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা। গত ১৬ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সকাল সোয়া সাতটায় ১০/১৫ জনের একদল মোটর সাইকেল আরোহী নিহত যুবলীগ নেতা জিল্লুর রহমান ওরফে গোলাম জিলানীকে কুমিল্লা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ধনপুর নামকস্থানে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। এসময় তার স্ত্রী স্থানীয় তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা আক্তার স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ৯টায় তিনি মারা যান। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই ইমাম হোসেন চৌধুরী বাদি হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানকে প্রধান আসামি করে ১২ নভেম্বর সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। এতে এজহার নামীয় ২৪ জন ও অজ্ঞাত পরিচয় ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।  
ইত্তেফাক/এমএএম