ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ফারহান ও করিম দুই বন্ধু। তারা আর্থিক বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। করিমের সঞ্চিত অর্থ অল্প থাকায় তিনি এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করাকেই শ্রেয় মনে করছেন। অন্যদিকে, ফারহানের বাবা ফারহানকে এমন একটি ক্ষেত্রে বিনিয়োগ করতে পরামর্শ দিলেন, যেখানে তার ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। কারণ তিনি যেক্ষেত্রে বিনিয়োগ করেছেন তাতে তাকে বিগত তিন বছর কোনো মুনাফা প্রদান করেনি। পাশাপাশি নিয়ন্ত্রণকারি সংস্থাও বাজারটিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে তিনি এই বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন।
ক. মূলধন বাজার কাকে বলে ?
খ. আর্থিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায় ?
গ. করিম কোন বাজারে বিনিয়োগের চিন্তা করছেন ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ফারহানের বাবার আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রণকারি সংস্থার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর:
ক. মূলধন বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ, যেখানে দীর্ঘমেয়াদের (১ বছরের বেশি) জন্য অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন হয়ে থাকে।
খ. যেসব প্রতিষ্ঠান ব্যাংকের ন্যায় আমানত গ্রহণ করে সুদের বিনিময়ে ঋণ দেয় কিন্তু জমাকৃত অর্থ উত্তোলনে ব্যাংকের ন্যায় চেক ইস্যু করতে পারে না সেসব প্রতিষ্ঠানকে আর্থিক প্রতিষ্ঠান বলা হয়। আর্থিক মধ্যস্থকারি হিসেবে দায়িত্ব পালন করাই এ প্রতিষ্ঠানের কাজ। বিনিয়োগ কোম্পানি, বিল্ডিং সোসাইটি, মার্চেন্ট ব্যাংক, মিউচুয়্যাল কোম্পানি, লিজিং কোম্পানি প্রভৃতি হলো আর্থিক প্রতিষ্ঠান। এসব আর্থিক প্রতিষ্ঠান ১৯৯৩ সালের আর্থিক প্রতিষ্ঠান আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
গ. উদ্দীপকের করিম অর্থবাজারে বিনিয়োগের চিন্তা করছেন। অর্থবাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্পমেয়াদি (১ বছর বা তার কম) অর্থ বা আর্থিক সম্পদ (শেয়ার, বন্ড প্রভৃতি) কেনা-বেচা করা হয়। অর্থবাজারকে মুদ্রাবাজার নামেও অভিহিত করা হয়। উদ্দীপকের করিম আর্থিক বাজারে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগের জন্য তার কাছে অল্প পরিমাণ অর্থ সঞ্চিত আছে। সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগ তথা মূলধন বাজারে বিনিয়োগ আয় বেশি। তবে এক্ষেত্রে বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয়। করিমের সঞ্চয় দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য যথেষ্ট নয়। এজন্য তিনি স্বল্পমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেন। যেহেতু অর্থবাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ লেনদেন হয় সেহেতু বলা যায় যে, করিম অর্থবাজারে বিনিয়োগের চিন্তা করছেন।
ঘ. উদ্দীপকের ফারহানের বাবার আস্থা ফিরিয়ে আনতে মূলধন বাজার নিয়ন্ত্রণকারি সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘমেয়াদি অর্থ বা আর্থিক সম্পদ মূলধন কেনা-বেচা হয়। এই মূলধন বাজার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি ১৯৯৩ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের ফারহানের বাজার সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। কিন্তু ঐ প্রতিষ্ঠানের মুনাফা না হওয়ায় তিনি লভ্যাংশ পাননি। তার এই ক্ষতির পেছনে কারণ হলো নিয়ন্ত্রণকারি সংস্থার মূলধণ বাজার সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে না পারা। তাই তিনি বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন। ফারহানের বাবা যে বাজারে অর্থ বিনিয়োগ করেছেন সেটি মূলধন বাজার। ১৯৪৭ সালের ক্যাপিটাল আইনের আওতায় বিএসইসি এই বাজার পরিচালনা করছে। সাধারণত নতুন কোনো কোম্পানিকে বাজারে শেয়ার ছাড়তে হলে এই প্রতিষ্ঠানের অনুমোদন পাবে। ফলে ফারহানের বাবার মতো বিনিয়োগকারিরা মুনাফা থেকে বঞ্চিত হবেন না। তাই বিএসইসি যদি কঠোরভাবে প্রতিষ্ঠানগুলোর অনুমোদন দেয় এবং কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তবে ফারহানের বাবার মতো সব বিনিয়োগকারিই লাভবান হবেন। এতে ফারহানের বাবা ও অন্য বিনিয়োগকারিদের অর্থ বিনিয়োগের প্রতি আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। তাই বলা যায়, উদ্দীপকে ফারহানের বাবার আস্থা ফিরিয়ে আনতে বিএসইসি-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।