বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে শেষবার বলিপর্দায় দেখা গিয়েছিল সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। এরপর নিজের সংসার ও হলিউড সিনেমার কাজে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। সে কারণে বেশিরভাগ সময়ই যুক্তরাজ্যে অবস্থান করেন তিনি। তবে সম্প্রতি টুইটারে প্রিয়াঙ্কাকে বলিউড সিনেমায় আবার কবে দেখা যাবে? এমন প্রশ্ন করা হলে তিনি লেখেন, ‘নিশ্চয় আগামীবছর! অনেকদিন বিরতি গেল। এবার সেটা ভাঙতে চাই।’ তার এমন উত্তরে রীতিমতো উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। অনেকেই ধারণা করছিলেন হয়তো আর বলিউডে দেখা যাবে না প্রিয়াঙ্কাকে। তবে সেই জল্পনা-কল্পনার অবসান নিজেই ঘটালেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলেন, ‘অনেকেই ভেবেছিলেন আমি হয়তো হারিয়ে যাচ্ছি। তাদের ধারণা ভুল। আসলে হলিউড সিনেমার কাজ, সংসার ও নতুন রেস্টুরেন্ট চালু নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছি। তাই আগের মতো সময় মেলাতে পারছি না। বলিউড আমার প্রাণের জায়গা। বলিউডই আমাকে প্রিয়াঙ্কা বানিয়েছে। তাকে ভুলে যাই কী করে!’
বর্তমানে প্রিয়াঙ্কা তার পরবর্তী হলিউডি সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটিতে তিনি রিচার্ড ম্যাডেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সিনেমাটি নিয়ে প্রিয়াঙ্কা টুইটারে লেখেন, ‘সেট থেকে ছোট্ট একটা বিরতি। সেটা তাড়াতাড়ি শেষ হবে। তবে নিশ্চয় ভালো কিছু আসছে। চল যাই। রিচার্ড খুবই ভালো আর মজার মানুষ।’ এছাড়াও প্রিয়াঙ্কাকে শিগগিরই ‘মার্টিক্স ফোর’ নামের আরেকটি হলিউড সিনেমায় দেখা যাবে।