কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে ফের আগুন!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পশ্চিম পাশের পাহাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক কর্মচারী জানান, পাহাড়ের নিচে কাজ করতে গিয়ে পাহাড়ে আগুন দেখতে পেয়ে হল প্রশাসনকে জানাই। পরে আমিসহ অন্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।

এর আগেও একাধিকবার বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২০২০ সালের ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশের একটি পাহাড়ে এবং গত ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পূর্ব পাশের একটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে। পরিচ্ছন্নতার নামে পাহাড়ে আগুন দেওয়া হয় এবং বহিরাগতদের সিগারেট ও মাদক সেবন থেকে এ আগুন লাগতে পারে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার বিষয়টি জানতে পেরেছি। তবে কে বা কারা বার বার পাহাড়ে আগুন দিচ্ছে সেটা সঠিক বলতে পারব না। আমার অফিসের শ্রমিকরা বঙ্গবন্ধু হলের ঐ পাহাড়ে কাজ করতে যায় না। সেক্ষেত্রে বহিরাগতরা যেহেতু ঐদিক দিয়ে চলাচল করে সেসময় হয়তো সিগারেটের আগুন থেকে এমনটা ঘটতে পারে। তবে আমি মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরাপত্তা জোরদার করতে পারে সেক্ষেত্রে এমন ঘটনা কমিয়ে আনা যাবে।

বার বার বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন লাগার বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে বার বার কারা আগুন দিচ্ছে সে বিষয়ে তদন্ত করছি। বিশ্ববিদ্যালয়ের কেউ যদি আগুন দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।