মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা
কুড়িগ্রামে খোলা স্থানে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার বিএডিসি গোডাউনসংলগ্ন জয়বাংলা মোড়ে। পরে শিশুটি রাতে মারা যায়। পরে জঘন্য এ ঘটনায় জড়িতদের শনাক্তে শিশুটির ডিএনএ টেস্টের জন্য আবেদন করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান শাহরিয়ার জানান, ঐদিন রাত ৩টা ৫৫ মিনিটের দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তারা জানতে পারেন খলিলগঞ্জ এলাকার বিএডিসি গোডাউনসংলগ্ন জয় বাংলা মোড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্র সন্তান প্রসব করেছে। তাত্ক্ষণিক তারা ঐ নারী ও নবজাতককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিত্সকের নিবিড় চিকিত্সায় সুস্থ হয়ে ওঠেন ঐ নারী। দুর্ভাগ্যজনক ভাবে রাত ৯টার দিকে মারা যায় শিশুটি। ঐ দিনেই শিশুটির পিতৃৃ পরিচয় নিশ্চিতে পুলিশ সুপারের নির্দেশনায় কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়ারি নথিভুক্ত করে এসআই জাহিদ হাসান ডিএনএ নমুনা সংগ্রহ ও টেস্টের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে একটি আবেদন করেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নবিউর রহমান জানান, শিশুটি অপরিপক্ব ছিল। রাতেই মারা যায়। ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, এটি একটি অমানবিক কাজ। অপরাধীদের শনাক্তে নমুনা সংগ্রহপূর্বক ডিএনএ টেস্টের মাধ্যমে অভিযুক্তকে ধরতে কাজে লাগাব। যাতে ভবঘুরে নারীটি সুবিচার পান।