বিদ্যুত্স্পৃষ্টে আটঘরিয়া থানার এসআইয়ের মৃত্যু

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা

আটঘরিয়ায় শনিবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে থানার এসআইর মৃত্যু হয়েছে। নিহতের নাম দুলাল হোসেন (৪৭)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে থানা ভবন আলোকসজ্জা করা হয়। সেই সঙ্গে থানা চত্বরে স্যালুটিং ডায়াচে জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের পাইপের সঙ্গে জড়িয়েও আলোকসজ্জা করা হয়েছিল। কোনোভাবে তার লিকেজ হয়ে স্টিলের ঐ পাইপ বিদ্যুতায়িত হয়েছিল। এসআই দুলাল রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজের অজান্তেই সেই পাইপটি হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এসআই দুলাল হোসেন ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। দুই বছর আগে বদলি হয়ে আটঘরিয়া থানায় যোগদান করেছিলেন। সম্প্রতি একই জেলার সুজানগর থানায় বদলির আদেশ হয়েছিল।