প্রাক্-বাজেট আলোচনা
ইত্তেফাক রিপোর্ট
অলংকার ব্যবসায়ীদের জন্য সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, ব্যবসায়ীরা তার সঠিক ব্যবহার করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এজন্য আসছে ২০২১-২২ অর্থবছরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য নতুন কোনো সুবিধা থাকবে না বলেও জানিয়েছেন তিনি। গতকাল রবিবার এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন—দেশে তৈরি অলংকার রপ্তানিতে মূল্য সংযোজনের (ভ্যাট) উপর ৫০ শতাংশ ভর্তুকি এবং অমসৃণ হীরা আমদানির উপরে শূন্য শতাংশ শুল্ক ধার্য করার প্রস্তাব করেন। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, গতবার যে অভ্যন্তরীণ মার্কেটের (বাজার) জন্য এত সুবিধা দেওয়া হলো—কোনো ফলাফল নেই। আন্তর্জাতিক বাজার ধরার জন্য আপনাদের যদি ইচ্ছা থাকে, তাহলে যে পরিমাণ সহায়তা দেওয়া আছে তা’ দিয়েই কিছু করে দেখান। তার পর আমরা আরো বেশি সুবিধা দেব।
বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আমাদের অলংকার বিশ্ব বাজারে পরিচিতি করে তুলতে প্রাথমিকভাবে কমপক্ষে তিন বছরের জন্য সরকারের পক্ষ হতে মূল্য সংযোজনের ওপর ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হলেই সফলতা লাভ করবে। তিনি বলেন, বর্তমানে দেশের ডায়মন্ড কাটিং ও পলিশিং ইন্ডাস্ট্রিজ স্থাপিত হয়েছে এবং আরো বেশ কয়েকটি ডায়মন্ড কাটিং ও পলিশিং ইন্ডাস্ট্রিজ স্থাপনের প্রক্রিয়া চলছে। এমতাবস্থায় অমসৃণ হীরা আমদানির উপরে শূন্য শতাংশ শুল্ক ধার্য করলে রপ্তানি এবং অভ্যন্তরীণ বাজারে বড় কর্মসংস্থান তৈরি হবে।