কাল নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি তারুণ্যের বাংলাদেশও হারের বৃত্তে

স্পোর্টস রিপোর্টার

আইপিএল খেলতে চলে যাওয়া সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরের দলেই ছিলেন না। ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজের পরই দেশে ফিরেছেন তামিম ইকবাল। কাঁধে ও আঙুলে চোট পাওয়ায় মুশফিকুর রহিম একাদশে ছিলেন না। অভিজ্ঞ ত্রয়ীকে ছাড়াই গতকাল সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০০৬ সালের পর এই প্রথম এমন চিত্র দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটে।

হ্যামিল্টনে তারুণ্যে ঠাসা বাংলাদেশ দলও নিউজিল্যান্ড সফরে হারের নিয়তিকে বদলাতে  পারেনি। গতকাল সেডন পার্কে স্বাগতিকদের কাছে ৬৬ রানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা। আগামীকাল নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-২০ তে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।

টি-২০ তে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, বাঁহাতি পেসার শরীফুল ইসলামের অভিষেক হয়েছে গতকাল। অভিষেকে বল হাতে উজ্জ্বল ছিলেন নাসুম। তবে লাল-সবুজের জার্সিতে শরীফুলের অভিষেক সুখকর হয়নি। সফরের আগের ম্যাচগুলোর মতোই হ্যামিল্টনে ব্যাট হাতে স্বাগতিকদের জবাব দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অবশ্য যা কিছুটা লড়েছেন তরুণরাই। আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, নাঈম শেখরাই পালটা আক্রমণ করেছেন। অধিনায়ক মাহমুদউল্লাহসহ তুলনামূলক অভিজ্ঞ লিটন দাস, সৌম্য সরকার, মিঠুনরা দ্রুত সাজঘরে ফিরেছেন।

নিউজিল্যান্ডের দেয়া ২১১ রানের টার্গেটে দারুণ শুরু করেছিলেন নাঈম শেখ। এ বাঁহাতি এক প্রান্তে ঝড় তুললেও অন্যপ্রান্তে লিটন, সৌম্যরা আসা-যাওয়ার মিছিলে নাম লেখান। মিঠুনরা ইশ সোধির লেগ স্পিন পড়তে না পারায় ৫৯ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম উইকেটে আফিফ-সাইফউদ্দিন ৬৩ রানের জুটি গড়েন। তাতেই ৮ উইকেটে ১৪৪ রান তুলতে সমর্থ হয়েছিল বাংলাদেশ। আফিফ ৩৩ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫, নাঈম শেখ ২৭, সাইফউদ্দিন অপরাজিত ৩৪, মাহমুদউল্লাহ ১১ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরই পার হননি। নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোধি ২৮ রানে ৪টি, ফারগুসন ২টি উইকেট নেন।  

এর আগে টসজয়ী স্বাগতিকরা ডেভন কনওয়ে, উইল ইয়াংয়ের হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ২১০ রান তুলেছিল। ইনিংসের প্রথম ওভারে ফিন অ্যালেনকে বোল্ড করার পর গাপটিলকেও ফেরান অভিষিক্ত নাসুম। ইয়াংকে ফেরত পাঠান মেহেদী হাসান। ঝোড়ো ব্যাটিংয়ে কনওয়ে ৫২ বলে অপরাজিত ৯২ রান (১১ চার, ৩ ছয়) করেন। ইয়াং ৫৩, গাপটিল ৩৫, গ্লেন ফিলিপস অপরাজিত ২৪ রান করেন। কনওয়ে ম্যাচ সেরা হন। 

স্কো  র  কা  র্ড

টস : নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ইনিংস             রান   বল   চার   ছয়

গাপটিল ক সৌম্য ব নাসুম    ৩৫    ২৭   ৩     ২

ফিন অ্যালেন ব নাসুম          ০      ১     ০     ০

কনওয়ে অপরাজিত             ৯২    ৫২   ১১    ৩

ইয়াং ক আফিফ ব মেহেদী    ৫৩    ৩০   ২      ৪

গ্লেন ফিলিপস অপরাজিত     ২৪    ১০   ৩     ১

অতিরিক্ত (লেবা ২, ও ৪)     ৬

মোট ২০ ওভারে                 ২১০/৩

উইকেট পতন : ১-১ (ফিলিপস), ২-৫৩ (গাপটিল), ৩-১৫৮ (ইয়াং)।

বাংলাদেশ বোলিং : নাসুম ৪-০-৩০-২, সাইফউদ্দিন ৪-০-৪৩-০, শরীফুল ৪-০-৫০-০, মুস্তাফিজ ৪-০-৪৮-০, মেহেদী হাসান ৪-০-৩৭-১।

বাংলাদেশ ইনিংস               রান   বল   চার   ছয়

নাঈম এলবিডব্লিউ ফারগুসন ২৭    ১৮   ৫     ০

লিটনক সোধি ব সাউদি       ৪      ৫     ১      ০

সৌম্য ক অ্যান্ড ব সোধি       ৫      ৬     ১      ০

মিঠুন ব সোধি                    ৪      ৬     ০     ০

মাহমুদউল্লাহ ব সোধি          ১১    ৯     ১      ০

আফিফ ব ফারগুসন            ৪৫    ৩৩   ৫     ১

মেহেদী হাসান ব সোধি        ০      ১     ০     ০

সাইফউদ্দিন অপরাজিত       ৩৪    ৩৪   ৩     ১

শরীফুল ক গাপটিল ব বেনেট ৫      ৭     ১      ০

নাসুম অপরাজিত                ০      ১     ০     ০

অতিরিক্ত (লেবা ২, ও ৭)     ৯

মোট ২০ ওভারে                 ১৪৪/৮

উইকেট পতন : ১-২০ (লিটন), ২-৩৯ (নাঈম), ৩-৪৩ (সৌম্য), ৪-৪৪ (মিঠুন), ৫-৫৯ (মাহমুদ-উল্লাহ), ৬-৫৯ (মেহেদী হাসান), ৭-১২২ (আফিফ), ৮-১৩৩ (শরীফুল)।

নিউজিল্যান্ড বোলিং : সাউদি ৪-০-৩৪-১, বেনেট ৪-০-২০-১, ফারগুসন ৪-০-২৫-২, সোধি ৪-০-২৮-৪, চ্যাপম্যান ১-০-৯-০, ফিলিপস ১-০-৫-০, ড্যারেল মিচেল ২-০-২১-০।

ফল : নিউজিল্যান্ড ৬৬ রানে জয়ী

ম্যাচ সেরা : ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)

সিরিজ : নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে