সার্বিয়ার বোয়েগ্রাদে গত শনিবার স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যোগ করা সময়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো একটি জয়সূচক গোল করলেও পরবর্তীতে রেফারি তা বাতিল করে দিলে ক্ষিপ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন রোনালদো। এর আগে লিভারপুল স্ট্রাইকার ডিয়োগো জটার প্রথমার্ধের জোড়া গোল দ্বিতীয়ার্ধে সার্বিয়া পরিশোধ করে দিলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগালের। দিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে ক্রোয়েশিয়া, হল্যান্ড, তুরস্ক ও লুক্সেমবার্গ। সার্বিয়ার রাজকো মিটিচ স্টেডিয়ামে বার্নাদো সিলভা ও সেডরিক সোয়ারেসের দুইটি পাস থেকে প্রথমার্ধেই জোড়া গোল করেন জটা। কিন্তু প্রথমার্ধের লিড দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি সিলভারা। দ্বিতীয়ার্ধের একদম প্রথম মিনিটেই সার্বিয়া মিডফিল্ডার ফিলিপ কসটিচ গোল করার পর ৬০ মিনিটে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান অভিজ্ঞ স্ট্রাইকার আলেক্সান্দার মিট্রোভিচ। যোগ করা সময়ে রোনালদোর বাঁকানো শট গোললাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গেই তা ক্লিয়ার করেন সার্বিয়া ডিফেন্ডার স্টেফান মিট্রোভিচ। ম্যাচে গোললাইন প্রযুক্তি না থাকায় লাইনসম্যানের কথাতে গোল বাতিল করেন রেফারি। মাঠেই রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় পর্তুগাল শিবির, বিশেষ করে রোনালদো। উদ্যত আচরণের জন্য হলুদ কার্ডও দেখতে হয়েছে পর্তুগিজ অধিনায়ককে। ম্যাচশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় রোনালদো লিখেছেন, ‘এরকম মুহূর্ত হজম করা কঠিন। আমাদের কাছে মনে হচ্ছে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে এর মাধ্যমে। আমরা আমাদের মাথা সমুন্নত রাখছি এবং পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছি।’ পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, ম্যাচশেষে রেফারি এই ভুলের জন্য তার কাছে ক্ষমা চেয়েছে। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে প্রধান কোচ হিসেবে এটি ছিল ফার্নান্দোর ১,০০০তম ম্যাচ।