রাজধানীতে হেফাজতের হরতাল ছিল ঢিলেঢালা

ইত্তেফাক রিপোর্ট

গতকাল হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রাজধানীতে অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি অফিস ও আদালতে স্বাভাবিক কার্যক্রম চলেছে। রাজধানীর ও শহরতলি রুটের বেশির ভাগ বাস চলাচল করেছে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে। ভিআইপি সড়কগুলোতে ছিল রিকশার আনাগোনা। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কয়েকটি স্থানে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা ১২টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হেফাজত ইসলামের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মামুনুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে তারা মুক্তাঙ্গনের দিকে যেতে চায়। মুক্তাঙ্গনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে মৃদু উত্তেজনা তৈরি হয়। পল্টন মোড়ে পুলিশ মাঝখানে অবস্থান নিলে হেফাজতের মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের দিকে চলে যায়।

মুক্তাঙ্গনে ধাওয়া-পালটাধাওয়া : দুপুর ২টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট ও এর আশপাশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান  নেন।

বসুন্ধরা আবাসিকে বিক্ষোভ :দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার থেকে ২০০/৩০০ হেফাজত কর্মী বের হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রদক্ষিণ শেষে প্রধান গেট দিয়ে বের হয়ে প্রগতি সরণিতে যায়। এ সময় পুলিশ রাস্তা অবরোধ করতে বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়।

মোহাম্মদপুরে বিক্ষোভ, অবরোধ : রাজধানীর মোহাম্মদপুরে হরতাল সমর্থনে অবস্থান নেয় হেফাজত ইসলাম। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের সড়কের একাধিক স্থানে ব্যারিকেড দিয়ে অবস্থান ও বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপুরে আব্দুল্লাহপুরের ড. মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে হেফাজত কর্মী সন্দেহে এক জনকে আটক করা হয়।