ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীরা পরিবর্তনের কার্যকর নিয়ামক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনন্য দৃষ্টান্ত। নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের বিকাশে বাংলাদেশ আজ রোল মডেল। গতকাল রবিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ’ আয়োজিত ‘উইমেন অব ইন্সপাইরেসন ২০২১’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান অবিস্মরণীয়। ২ লাখ নারীর আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নারীদের সংকটপূর্ণ চ্যালেঞ্জগুলো জয় করে সামনে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে জেসিআইর এই পুরস্কার নারীদের উত্সাহিত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারী। উন্নয়ন প্রক্রিয়ায় নারীর আর্থ-সামাজিক অবদান অস্বীকার করা যাবে না। জেসিআই বাংলাদেশের সহসভাপতি ইসমাত জাহান লিসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়াগনার। পরে নাসিমা আক্তার নিশা, টিনা এফ জেবিন, রাসনা ইমাম, সেজুতি সাহা, শাম্মা নাসরিন, নাহিতা নিশমিন, রুখমিলা জামান, ফারহানা রফিক উজ্জামান, ডা. জেবুন নাহার, প্রিমা নাজিয়া আন্দালিব, নাহিদ সুলতানা যুথি, সানজিদা হক আরেফিন লুনা, মাসুমা রহমান নাবিলাকে ‘উইমেন অব ইন্সপাইরেসন ২০২১’ পুরস্কার দেওয়া হয়।