বরিশাল অফিস
বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও সাবেক কৃষিমন্ত্রী শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল রবিবার এ উপলক্ষ্যে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন রব সেরনিয়াবাতের নাতি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সিটি মেয়র সবার মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে নগরীর কালী বাড়ী রোডে সেরনিয়াবাত ভবনে শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন। বরিশাল প্রেসক্লাবেও শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী পালন করা হয়।