তিন পৌর নির্বাচনের প্রচারণা শেষ আজ

দেশের তিনটি পৌরসভা নির্বাচনে প্রচার শেষ হবে আজ সোমবার। এক্ষেত্রে আজ মধ্যরাত ১২টায় বন্ধ করতে হবে সব ধরনের প্রচার কাজ। বুধবার পাবনা জেলার সুজানগর, যশোর জেলার যশোর সদর, মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে আবারও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারীন হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে আপিল করে তিনি প্রার্থিতা ফেরত পান। এরপর হাইকোর্টের আরেকটি শুনানিতে তার প্রার্থিতা স্থগিত হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ কমিশন স্থগিত করেছিল। পরে স্থগিত নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠানের জন্য ১৯ মার্চ আরেকটি নির্দেশ দেয় কমিশন। কিন্তু নৌকার প্রার্থীর প্রার্থিতার বিষয়টির কোনো সমাধান না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আরেকটি আদেশে আগামী দুই মাসের জন্য নির্বাচন আবার স্থগিত রাখতে বলা হয়েছে। এজন্য নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে।

বাকি তিন পৌরসভায় প্রচারণার বিষয়ে আইনে বলা হয়েছে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে। এক্ষেত্রে ভোটগ্রহণ শুরু হবে আগামী ৩১ মার্চ সকল ৮টায়। সে অনুযায়ী ৩২ ঘণ্টা আগে বলতে বোঝায় আগামী ২৯ মার্চ মধ্যরাত ১২টার পর আর প্রচার চালানো যাবে না। এরই মধ্যে ভোট উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় ২৪ ঘণ্টার জন্য সব ধরনের যন্ত্রচালিত যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সময়ের জন্য নৌযান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।