কক্সবাজার পৌরসভার সাবেক ও বর্তমান তিন কাউন্সিলর গ্রেফতার

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, ভোটার ও পাসপোর্ট পেতে সহযোগিতার অভিযোগে কক্সবাজারে গতকাল রবিবার পৌরসভার সাবেক ও বর্তমান তিন কাউন্সিলর এবং জন্মনিবন্ধন শাখার এক অফিস সহকারীকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল আলম।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌরসভা থেকে রোহিঙ্গারা জন্মনিবন্ধন, ভোটার ও পাসপোর্ট পেতে সহযোগিতা পেয়ে আসছিল। বেশ কিছু কাউন্সিলর ও কর্মকর্তা এসব কর্মকাণ্ডে জড়িত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে দুদুক। তদন্তে পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান এবং জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল আলম ওরফে মুবিনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কক্সবাজারের বিশেষ জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতের হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।