হেফাজতের কর্মসূচিতে জামায়াত-শিবির ঢুকেছে :আউয়াল

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, হেফাজতে ইসলামের কর্মসূচিতে মুক্তিযুদ্ধবিরোধী ও পরাজিত শক্তি জামায়াত-শিবিরের উগ্রপন্থিরা ঢুকে পড়েছে। একাত্তর সালেও এরা দেশের স্বাধীনতা মেনে নেয়নি, স্বাধীনতার ৫০ বছর পরে এসেও এদের অবস্থান অপরিবর্তিত। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তির মোকাবিলা করতে হবে। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এম এ আউয়াল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনকে কেন্দ্র করে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। থানা ও রেল স্টেশনে চালানো হয়েছে জঙ্গিবাদী নাশকতা। বিনাশ করা হয়েছে সাধারণ জনগণের সম্পদ। হরতালেও দেশের বিভিন্ন স্থানে রেল স্টেশন, সংস্কৃতিকেন্দ্রসহ মানুষের সম্পদ নষ্ট করেছে হেফাজত। তিনি বলেন, কওমি মাদ্রাসার সাধারণ ছাত্র-শিক্ষকদের ব্যবহার করে হরকতপন্থি জঙ্গিবাদী-উগ্রপন্থিরা এসব হামলা করছে। হেফাজতের ব্যানারে জিহাদি স্লোগান যারা দিচ্ছে, তারাই গণমানুষের সম্পদ বিনষ্টের উগ্র খেলায় মেতেছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও এই নাশকতার সঙ্গে জড়িত। সরকার নিরপেক্ষভাবে তদন্ত করলেই এদের মুখোশ বেরিয়ে আসবে। এম এ আউয়াল বিবৃতিতে আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক লাইভ দেখিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পেছনেও জামায়াত-শিবিরের উগ্রপন্থিরা যুক্ত। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করতে হবে।