মানুষের বুকে গুলি চালিয়ে উন্মাদ হয়ে গেছে সরকার -----------মির্জা ফকরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ এবং ক্ষমতাসীন দলের মস্তানদের হাতে অস্ত্র তুলে দিয়েছে সরকার। মানুষের বুকে গুলি চালিয়ে রক্ত ঝরাতে উন্মাদ হয়ে উঠেছে তারা। কিন্তু এদেশের সাহসী জনতা অতীতেও যেমন সব স্বৈরাচারকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে, বর্তমান স্বৈরাচারী সরকারকেও তীব্র গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে রাস্তায় নেমে এসেছে। গতকাল রবিবার বিকালে বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।

ফ্যাসিস্ট সরকারের অব্যাহত হত্যাযজ্ঞ, বিএনপি নেতা অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ অন্যদের গ্রেফতার, দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলন দমন করতে সরকারের গুলি, মধুপুরের পির আবদুল হামিদসহ অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ ও আহত করা, গ্রেফতার এবং নিষ্ঠুর দমন-নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিন বিশেষ করে মহান স্বাধীনতা দিবস থেকে শুরু করে গত দুই দিনে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের গুলি, তাণ্ডবের মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো হয়। গতকালও ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। জনগণের প্রতিবাদ-বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়ে সরকার পুরো দেশকে অশান্ত ও অস্থিতিশীল করে তুলেছে। এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে।