আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কোনো ক্ষুদ্র গোষ্ঠীকেও বক্তব্য দিতে বাধা দেবে না। কিন্তু জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হলে, আইন অমান্য করে ভাঙচুর ও আক্রমণ চালানো হলে সরকার সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে। আইনমন্ত্রী গতকাল রবিবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত ইপিজেড শ্রমিকদের জন্য হেল্পলাইন সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, যারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন নষ্ট করার চেষ্টা করছে, তারা অবশ্যই দেশ ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা দেখাচ্ছে না। বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা টিকিয়ে রাখার ব্যাপারেও সরকার সচেষ্ট রয়েছে।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে উদীয়মান অর্থনীতির দেশ। ভৌগোলিক অবস্থান, সহজলভ্য, উত্পাদনশীল ও সহজে প্রশিক্ষণযোগ্য সম্ভাবনাময় শ্রমশক্তি এবং পরিমিত উত্পাদন ব্যয়ে এশিয়া এমনকি বিশ্বের মধ্যে বাংলাদেশ বিনিয়োগের প্রধান আকর্ষণীয় ক্ষেত্র। সরকার শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে।
এর আগে মন্ত্রী বেপজা হেল্পলাইন ফোন নম্বর ১৬১২৮ উদ্বোধন করেন এবং এতে ফোন করে প্রাপ্য সুবিধাদি সম্পর্কে জানতে চান। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনু্ল কবির, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজে তেরিংক, আইএলওর কান্ট্রি ডাইরেক্টর তোমো পাউটিনেন বক্তব্য রাখেন।