সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়েপানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন, জান্নাতী খাতুন ঋতি (১০) ও বীথি খাতুন রিতা (১২) ।
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ আলী।
তিনি জানিয়েছেন, পানিতে ডুবে মারা যাওয়া জান্নাতী খাতুন ঋতি ভায়াট গ্রামের শাহজাহান আলীর মেয়ে ও স্থানীয় ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও বীথি খাতুন রিতা একই গ্রামের বাচ্চু আহমেদের মেয়ে ও ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ভায়াট গ্রামে একটি পুকুর লিজ নিয়ে খালখুলা গ্রামের বরাত আলী মাছ চাষ করে আসছিলেন। তিনি সকাল ১০টার দিকে কাউকে না জানিয়ে ওই পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন এবং মাছ ধরে বাড়ি চলে যান।
পরবর্তী সময়ে ওই পুকুরে কিছু মাছ ভাসতে দেখে স্থানীয় পাড়া-প্রতিবেশীরা মাছ ধরতে নেমে পড়ে। এদের মধ্যে জান্নাতী খাতুন ঋতি ও বীথি খাতুন রিতা সেখানে মাছ ধরতে যায়। এক পর্যায়ে ওই ২ শিশু গভীর পানিতে ডুবে যাওয়ার সময় বিষাক্ত পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি উপস্থিত লোকজন টের পেয়ে দ্রুত ওই দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
ইত্তেফাক/এনএ