ঈদের ব্যস্ততায় নির্মাতা ইলান

 বিনোদন রিপোর্ট

 

এ প্রজন্মের নির্মাতা ইয়ামিন ইলান এরইমধ্যে বেশকিছু দর্শকপ্রিয় নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। নিয়মিত কাজের পাশাপাশি বিশেষ দিবস বা উত্সবেও থাকে তার একাধিক নির্মাণ। আসছে ঈদকে কেন্দ্র করে পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা এরইমধ্যে বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সেই তালিকায় থাকছে ইয়ামিন ইলানের বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিও। নিজের ব্যস্ততা ও ঈদের কাজ প্রসঙ্গে ইয়ামিন ইলান বলেন, ‘চাঁদের হাট, নির্বাক ও রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে পহেলা নম্বর নামের তিনটি নাটক নির্মাণ করলাম ঈদের জন্য। পাশাপাশি ঈদ উপলক্ষে প্রায় ২৫-৩০টি মিউজিক ভিডিও নির্মাণ করবো। এগুলো আসিফ আকবর, পুতুলসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীর গান নিয়ে নির্মিত হবে।’ বর্তমান সময়ের নির্মাতারা শুধু টিভি নাটকেই বন্দি নেই। তারা ওটিটির জন্য টেলিফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণেও মনোযোগী হচ্ছেন। এই মাধ্যমটি নতুন হলেও শুরুতেই সমালোচনার কবলে পড়েছে। অনেকেই সময়ের স্রোতে গা ভাসাচ্ছেন। অশ্লীলতাকে পুঁজি করে ভিউগোনা বাণিজ্যের দিকে হাঁটছেন। এ ক্ষেত্রে ইলান অনেকটাই ব্যতিক্রম বলা চলে। ইলান বলেন, ‘আমি প্রায় দুই বছর আগে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছিলাম। কিন্তু যারা এই মাধ্যমটির জন্য পরিচালনার দায়িত্ব দেন তারা শুরুতেই একটা বিষয়ে অবগত করেন যে, সুরসুরি জাতীয় কিছু থাকতে হবে। ওয়েব সিরিজ মানেই যে, এমন দৃশ্য থাকতে হবে সেটা আমি মানতে পারি না। এ ধরনের নির্মাণ আমার নীতি বিরুদ্ধ। তাই আর কাজ করা হয়ে ওঠেনি। তবে হইচইয়ের সঙ্গে কথা হচ্ছে একটি ওয়েব সিরিজ নির্মাণের বিষয়ে। সবকিছু মিলে গেলে কাজ করবো।’ এছাড়া নাটক এখন শুধু টিভিপর্দায় সীমাবদ্ধ নেই। ইউটিউবে নিয়মিত নাটক প্রচার হচ্ছে। এখানেও মানহীন তকমা জুড়ে গেছে। তবে এই মাধ্যমটিকে নীতিমালার আওতায় আনতে পারলে এ ধরনের কাজ অনেকটাই কমে যাবে বলে মনে করেন এই নির্মাতা।