বঙ্গতাজ কন্যা, সাংসদ ও সাহিত্যিক সিমিন হোসেন রিমি ও তার দুই ছেলে সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত ২৬ তারিখ থেকে সাংসদ রিমি করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে ৫ দিন চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে তিনি রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী মোস্তাক হোসাইন।
তিনি আরো জানান, রিমির করোনা পজিটিভ ফলাফল পাওয়ার পর পরিবারের সদস্যরা নমুনা দিলে তার দুই ছেলে-স্ত্রীসহ কোভিড-১৯ ধরা পড়ে। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন।
সাংসদে স্বামী মোস্তাক হোসাইন আরো জানিয়েছেন, সিমিন হোসেন রিমির সর্দি-জ্বর রয়েছে। সোমবার রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে গেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের কাছে যান তিনি। সেখানে বেশ কিছু পরীক্ষা করান। আজ দুপুরে তিনি চিকিৎসকের পরামর্শে উক্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সরকারি নিয়ম অনুযায়ী গত ২৫ মার্চ নমুনা দেন তিনি। তারপর দিন নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তখন থেকেই তিনি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার সর্দি-জ্বর দেখা দেয়। তিনি আরো জানান, স্ত্রীসহ ছেলেরা এখন অনেকটাই সুস্থ আছেন। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তারা বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ইত্তেফাক/এমএএম