ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মন্তব্যের জের
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে একহাত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। সাম্প্রতিক উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ওয়াশিংটনের কান ভারী করায় কিমের বোন মুনের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন। কিমের বোন বলেন, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উদ্বেগজনক বলার কোনো অধিকার দক্ষিণ কোরিয়ার নেই। এটি তাদের সীমান্ত সুরক্ষায় একান্তই অভ্যন্তরীণ বিষয়। রয়টার্স ও ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি
কিম ইয়ো জং বলেন, নানাভাবে ওয়াশিংটন-পিয়ংইয়ং সমঝোতার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে দক্ষিণ কোরিয়া। কোনো অজুহাত পেলেই তারা সম্পর্ক নষ্ট করতে উঠেপড়ে লাগে। তিনি বলেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা যে মন্তব্য করেছে তা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তিনি মুনকে যুক্তরাষ্ট্রের ‘তোতা পাখি’ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের বুলিই তারা তোতা পাখির মতো আওড়ায় বলে অভিযোগ করেন। গত সপ্তাহে জাপান ও পীত সাগরে চারটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বারের মতো কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। মাঝারি পাল্লার এসব ক্ষেপণাস্ত্র অঞ্চলটির মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়া ও জাপানের পক্ষ থেকে ঐ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক কর্মকাণ্ড তদারককারী ইউএস প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের অবৈধ অস্ত্র কর্মসূচি যে তার প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি, এই পরীক্ষার মাধ্যমে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে।
০