ভারতে ভারতরত্ন দেওয়া নিয়ে সরকারের নীতি বদলের দাবি করলেন যোগগুরু বাবা রামদেব। তিনি দাবি করে জানান, এবার ভারতরত্ন দেওয়া হোক সাধুদেরও।
গত শুক্রবার ভারত সরকার ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এনিয়ে শনিবার বাবা রামদেব বলেন, গত ৭০ বছরে সাধুদের মধ্যে থেকে কেউই ভারতরত্ন পাননি। তা সে স্বামী বিবেকানন্দই হোক কিংবা মহর্ষি দয়ানন্দ সরস্বতী অথবা শিবকুমার স্বামী। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সম্প্রতি ভারতের কর্ণাটকের লিঙ্গায়েত গুরু স্বামী শিবকুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে। কয়েকদিন আগে তার মৃত্যুও হয়েছে। এরকম এক অবস্থায় ওই দাবি তুললেন রামদেব।
গত ২১ জানুয়ারি ১১১ বছর বয়সে মৃত্যু হয়েছে শিবকুমার স্বামীর। কর্ণাটকে ভক্তদের কাছে তার পরিচিত ছিল ‘চলমান ঈশ্বর’ হিসেবে। তার পরিচালিত সোসাইটি রাজ্যে ১০০ শিক্ষা প্রতিষ্ঠান চালায়।
আরো পড়ুন: ‘নগ্ন’ হয়ে সাঁতার কাটার আজব প্রতিযোগিতা!
প্রসঙ্গত, এবছর ভারতরত্ন খেতাব দেওয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, গায়ক ভূপেন হাজারিকা ও জনসংঘ নেতা নানাজি দেশমুখকে।
ইত্তেফাক/এসআর