কোভিড-১৯ কি মহামারি নয়?

বাংলাদেশের মানুষের চলাফেরা দেখে কেন যেন মনে হয় কোভিড-১৯ কোনো মহামারি নয়। জনসমাগমে মাস্ক বিহীন চলাফেরা প্রশাসন কঠোর হস্তে দমন করার জন্য ১০০ টাকা জরিমানা পর্যন্ত করল; তবু মানুষকে তা মানানো যাচ্ছে না। একটা কথা আছে—নিজের ভালো পাগলেও বোঝে। নিজে সুস্থ থাকার জন্য বাড়ি থেকে বের হলে মাস্ক পরব—এতে নিজে সুস্থ থাকার পাশাপাশি দেশ-জাতিকেও সহায়তা করতে পারব। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে কোভিড-১৯ রোগী প্রথম শনাক্ত হয় এবং ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এক বছর অতিক্রম করেছে এই মহামারি চলমান।  এখনো কেন মানুষ সজাগ হচ্ছে না?

কেউ কেউ বলে থাকেন—ভাগ্যে থাকলে করোনা ভাইরাসে আক্রান্ত হব; তাদের বলি, রোদে পুড়লে আর বৃষ্টিতে ভিজলে জ্বর-সর্দি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। তাহলে কেনইবা এ কাজ করতে যাব? আজকে যার কোভিড পজিটিভ সে জানে কত দুর্বিষহ এ রোগ। একবার ভেবে দেখুন তো আপনি নিজে এই রোগী। আপনার পরিবার তখন কিভাবে দিন কাটাবে? তাই আসুন—এখনো সময় আছে, সচেতন হই। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, বাড়ির বাইরে গেলে মাস্ক পরিধান করি এবং রোগ প্রতিরোধী খাবার খাই। নিজে বাঁচি, জাতিকে বাঁচাই।

সোহাগ মিয়া, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া