করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান তিনটি বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করেছে কমিশন। অন্যদিকে ৪৩তম বিসিএসের আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আরো দুই মাস বাড়িয়েছে পিএসসি। গত সোমবার পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
৪০তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত : ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন।
৪২তম বিসিএসের ফল প্রকাশ :সরকারি চিকিত্সক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার। করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিত্সককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এর প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিত্সক অংশ নেন।
৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ল : ৪৩তম বিসিএসের আবেদনের আবেদনের সময়সীমা আরো তিন মাস বাড়ানো হয়েছে। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখও পেছানো হয়েছে। এ বিসিএসের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ সন্ধ্যা ৬টার পরিবর্তে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পুননির্ধারণ করা হয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের আবেদনের যোগ্যতায় সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, স্নাতকের পরীক্ষার ফল প্রকাশিত না হলেও অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করা যাবে। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।