পূর্বশত্রুতার জের ধরে নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী মনুকে (৩২) হত্যা করা হয়েছে। সোমবার রাতে জেলা শহর মাইজদীর দত্তবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের চাচা ইকবাল হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আলী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ি এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ছিলেন।
জানা যায়, ঐদিন রাতে দত্তবাড়ির মোড়ের একটি দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মনু। এ সময় একদল দুর্বৃত্ত মোহাম্মদ আলীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং তাকে টেনেহিঁচড়ে একটি লেপ-তোশকের দোকানের ভেতরে নিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনার সময় মনুকে তার ছোট ভাই আহম্মদ আলী বাঁচাতে এগিয়ে গেলে তাকেও রড দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।