তালায় মসজিদের ভেতরে সিলিং ফ্যানে ভ্যান চালকের লাশ

সাতক্ষীরার তালায় মসজিদের ভিতরে সিলিং ফ্যানে ঝুলে থাকা অবস্থায় মো. আব্দুল জলিল মোড়ল (৪০) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি তালা সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের হারুন অর রশিদ মোড়লের ছেলে। রবিবার রাতে সিলিং ফ্যানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তালা থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, রবিবার রাতে জাতপুর-আলাদিপুর বাজার মসজিদের দ্বিতীয় তলায় সিলিং ফ্যানে আব্দুল জলিলের ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তিনি বলেন, জলিল মানসিক ভারসাম্যহীন। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের পিতা হারুন অর রশিদ জানান, তার ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তার ছেলের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না বলে জানান তিনি।