বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল মঙ্গলবার এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের ৫৪ হাজারের বেশি পদে শিক্ষক পদে নিয়োগে আগামী ৪ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা প্রার্থীরা যাদের বয়স ৩৫-এর বেশি হয়েছে তারাও আবেদনের সুযোগ পাবেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব শিক্ষক নিবন্ধন সনদধারী কর্মরত আছেন, তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।