জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, আন্দোলন করে হেফাজতে ইসলাম আর গাড়িতে আগুন দেওয়ার হুকুম দেয় বিএনপি। এতেই প্রমাণ করে হেফাজতে ইসলাম বিএনপির বি-টিম হয়ে কাজ করছে। গত সোমবার দুপুরে শিবচরে পদ্মা সেতুর রেললাইনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘মসজিদ-মাদ্রাসার জন্য যা কিছু করার বঙ্গবন্ধু ও শেখ হাসিনাই করেছেন। প্রতিটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে মসজিদ করে দিচ্ছেন। করোনাকালে শেখ হাসিনাই মসজিদ- মাদ্রাসায় খাবার ও টাকা দিয়েছেন। অথচ যারা ধর্ম ব্যবহার করে মন্ত্রী এমপি হয়েছিল তাদের কেউ কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়নি।’ মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, মেয়র আওলাদ হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। চিফ হুইপ উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল, আইসিটি ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অটোমেশন উদ্বোধন, উপজেলা ভূমি অফিস ও জামিয়া মোহাম্মাদিয়া সামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর করেন।