চাঁদা না দেওয়ায় ঠিকদারকে গুলি

সন্ত্রাসীদের গুলিতে আরব আলী নামে এক ঠিকাদার আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় রফিকুল ইসলাম নামে এক রংমিস্ত্রিকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরব আলী জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী তার কাছে মাঝে মধ্যেই চাঁদা দাবি করত। চাঁদা না দেওয়ার বিক্ষুব্ধ হয়ে বাসার সামনে অবস্থানের সময় সন্ত্রাসী যুবরাজ, পালু, সুমনসহ কয়েক জন এসে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে যুবরাজ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর পর তারা রংমিস্ত্রি রফিকুলের বাড়িতে গিয়ে তাকে পিটিয়ে আহত করে। আরব আলীর সঙ্গে চলাফেরার কারণেই তার ওপর এই হামলা করা হয়েছে বলে দাবি করেন রফিকুল। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরব আলীর ডান পায়ের উরুতে একটি গুলির আঘাত রয়েছে। আর রফিকুলের পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তারা দুই জনেই জরুরি বিভাগে চিকিত্সাধীন রয়েছেন।