পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
খুলনা : খুলনায় সোমবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। খুলনা থানা পুলিশ জানায়, নিহতের নাম ফেরদৌস হোসেন (২২)। সে ফায়ার সার্ভিসে চাকরি করতো এবং নগরীর খানজাহান আলী রোডের জামাতখানা মোড়ের মৃত হায়াত আলীর ছেলে।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে সোমবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। হালুয়াঘাট থানার এসআই বাহারুল জানান, নিহত যুবক উপজেলার আতুয়াজঙ্গল গারোভিটা গ্রামের আব্দুস সালামের ছেলে অনিক। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম নামের অপর যুবক গুরুতর আহত হয়েছেন।
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে সোমবার দাঁড়ানো ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইবাদুল (৪০)। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বদরুল ফিলিং স্টেশন সংলগ্ন দাঁড়ানো পাথর ভর্তি একটি ট্রাককে অপর একটি বালু ভর্তি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বালু ভর্তি ট্রাকের হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছে।