কচুয়ায় ধানখেতে ইঁদুরের উপদ্রব

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের কচুয়ায় ধানখেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। মাঠে মাঠে ইঁদুর ধানগাছ কেটে সাবাড় করে দিচ্ছে। এ বছর কচুয়া উপজেলায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধানখেতে ও আইলে বাসাবেঁধে ইঁদুর ধানগাছ কেটে যাচ্ছে প্রতিনিয়ত। উপজেলার নূরপুর গ্রামের আবু তাহের, আশ্রাফপুর গ্রামের সিরাজুল ইসলাম, মনোহরপুর গ্রামের নুরুল ইসলাম ও নোয়াগাঁও গ্রামের আমির হোসেন জানান, কীটনাশক ওষুধ ব্যবহার করে ও ফাঁদ পেতে ইঁদুর মারা হলেও ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। পাশের জমি থেকে ইঁদুর এসে তাদের ধানখেতে নতুন করে বাসাবেঁধে ধানগাছ কাটছে। কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন ধানখেতে ইঁদুরের উপদ্রবের সত্যতা স্বীকার করে বলেন, যে মাঠে ইঁদুরের উপদ্রব দেখা দেয় সেই মাঠে কৃষকদের একযোগে ল্যানির্যাট, রোমা ও গ্যাস ট্যাবলেট ইত্যাদি ইঁদুর মারার কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলেই ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা সম্ভব হবে।