সুজানগর (পাবনা) সংবাদদাতা
ভোট গ্রহণেরর দুই দিন আগে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন আবার স্থগিত করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে ঐ নির্বাচন স্থগিত করা হয় বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রওশন আলী। এ নিয়ে তৃতীয় দফা নির্বাচন স্থগিত করা হলো।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, প্রথম দফায় গত ১৬ জানুয়ারি সুজানগর পৌরসভা নির্বাচনের দিন ধার্য করা হয়। কিন্তু ঐ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠানের ১৭ দিন আগে স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পর কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বিতীয় দফায় গত ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ভোট গ্রহণের মাত্র এক দিন আগে একই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়। সর্বশেষ ঘোষিত তপশিল অনুযায়ী আজ ৩১ মার্চ তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য ছিল। কিন্তু ঐ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ভোট গ্রহণের দুই দিন আগে সোমবার সন্ধ্যায় আবার নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র কামরুল হুদা কামাল বিশ্বাস মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। সে কারণে নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।