চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট

৩৬ দলের অংশগ্রহণে ও ১০ ম্যাচের গ্রুপ পর্বসংবলিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তাবিত নতুন ফরম্যাট অনুমোদন পাচ্ছে আজ। গত দুই বছর ধরে আলোচনায় থাকা এই নতুন ফরম্যাটকে অবশেষে অনুমোদন দিতে যাচ্ছে উয়েফার কার্যনির্বাহী কমিটি। আজ স্বাক্ষরিত হলে ২০২৪ সাল থেকে কার্যকর হতে পারে এই নতুন ফরম্যাট। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।  

নতুন ফরম্যাটে মূল পরিবর্তনটা আসবে গ্রুপপর্বে। এখনকার ৪ দলের গ্রুপ আর থাকছে না। ৩৬ দলের প্রস্তাবিত নতুন ফরম্যাটে প্রতিটি দলকে গ্রুপপর্বেই খেলতে হবে ১০টি ম্যাচ। বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন শক্তিমত্তার দলের বিপক্ষে ১০টি ম্যাচ খেলার সময়ে সার্বিক একটি লিগ টেবিল তৈরি হবে। গ্রুপ পর্ব শেষে সেই টেবিলের শীর্ষ ৮ দল পা রাখবে নক-আউটে। আর নবম থেকে ২৪তম হওয়া দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি প্লে-অফ রাউন্ড।  আর দল সংখ্যা ৩২ থেকে ৩৬ হয়ে যাওয়ার দুইটি ‘ওয়াইল্ড কার্ড’ও ব্যবহার করবে উয়েফা। উয়েফার টুর্নামেন্টগুলোয় বিগত কয়েক বছরের পারফরম্যান্সের বিবেচনায় তৈরি হওয়া উয়েফার কো-এফিসিয়েন্ট র্যাংকিংয়ের (বাদ পড়াদের মধ্যে) শীর্ষ দুই দলকে সুযোগ দেওয়া হবে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। উদাহরণস্বরূপ, এই মুহূর্তে ওয়াইল্ড কার্ড ব্যবহার করা হলে, প্রথম দল হিসেবে ওয়াইল্ড কার্ড পেত লিভারপুল। লিগে সাতে থাকা লিভারপুল গত কয়েক মৌসুমের পারফরম্যান্সের সুবাদে পরের বারের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিত।  এই নতুন ফরম্যাট বাস্তবায়িত হলে কিছুটা বিপাকে পড়তে পারে ইংলিশ ফুটবল।