করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর রমজানের সময় পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ইফতারে জনসমাগম এবং ইতিকাফের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব সরকার। আরব নিউজ ও সৌদি গেজেটের খবরে জানানো হয়, পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ইফতার এবং ইতিকাফ অনুষ্ঠিত হবে না। তবে তারাবিহ সালাত হবে।
পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ আব্দুল রহমান আল-সুদাইস জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে গ্র্যান্ড মসজিদের মুসল্লিদের ইফতার, রাতের খাবার ও মসজিদে নববীতে সেহরির জন্য খাবার বিতরণের অনুমতি দেওয়া হবে না। চলতি বছরের রমজানের পরিকল্পনার জন্য আয়োজিত দুই মসজিদের পরিচালনা পরিষদের বার্ষিক বৈঠকে এসব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শায়খ সুদাইস। বৈঠকে তিনি জানান, রমজানের সময় পূর্ব-সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার রোধের দিকে মনোযোগ দেওয়া হবে। এছাড়াও আরো যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, করোনা টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বিধি পালন এবং মাস্ক পরা। হজযাত্রী ও মুসল্লিদের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয় বিবেচনায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।
শায়খ আব্দুর রহমান আল-সুদাইস বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে সতর্কতা অবলম্বন করে করোনার বিস্তার রোধ করা। যারা ওমরাহ ও ইবাদতের জন্য আসবেন তাদের টিকা নিতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে চলাচল করতে হবে। যারা ওমরাহ করবেন মাতাফে শুধু তারাই প্রবেশ করতে পারবেন। যারা নামাজ পড়বেন, তারা পূর্ব দিকের অংশে নামাজ পড়বেন। এর আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করে, রমজানে মসজিদে নববীতে তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ পরিচালনা পরিষদের প্রধান আরো জানান, পবিত্র গ্র্যান্ড মসজিদে অনুবাদক নিয়োগ দেওয়া হবে। যারা মুসল্লিদের প্রশ্ন আলেমদের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবেন। প্রশ্ন অনুযায়ী আলেমদের ফতোয়া অনুবাদ করবেন তারা। প্রতি শুক্রবারের জুমার খুতবার সময় ইশারা ভাষার দোভাষীরাও উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, করোনার সংক্রমণ ঠেকাতে গত বছরের রমজানেও মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে সম্মিলিত ইফতার ও ইতিকাফ বন্ধ ছিল।