মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে ১ ও ৭ এপ্রিল

আগামী ১ ও ৭ এপ্রিল রাতে আট ঘণ্টা করে মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে এটি হতে পারে। সোমবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজ তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টা এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের কারণে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত এই সেবায় বিঘ্ন ঘটতে পারে।

সম্প্রতি অনুষ্ঠিত নিলামের মাধ্যমে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলোকে তাদের তরঙ্গ পরিবর্তন করতে হবে। ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেবে তারা।