সিদ্ধিরগঞ্জে ছয় মামলায় ১৩৬ জনের নাম উল্লেখসহ আসামি ৩ হাজার

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত পাঁচটি পয়েন্টে হরতাল-সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। মহাসড়কে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় হরতাল-সমর্থকরা। সংঘর্ষ ও নাশকতার ঘটনায় সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ছয়টি মামলা হয়েছে। ছয়টি মামলায় এজাহার নামীয় ও অজ্ঞাতসহ প্রায় ৩ হাজার লোককে আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান গতকাল মঙ্গলবার ছয়টি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের পাঁচটি মামলার মধ্যে চারটি সন্ত্রাস দমন আইনে, আর একটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ। আর র্যাব বাদী হয়ে আরেকটি মামলা করেছে।

পুলিশের মামলায় ১৩৬ জনের নাম উল্লেখসহ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ অজ্ঞাতকে আসামি করা হয়েছে। র্যাবের মামলায় শুধু ৫০০ অজ্ঞাতকে আসামি করা হয়। ছয় মামলায় আসামির সংখ্যা প্রায় ৩ হাজার। এসব মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে র্যাব ও পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চালাচ্ছে। 

মামলায় উল্লেখ করা হয়েছে, হরতাল-সমর্থকরা ১৮টি গাড়িতে আগুন দিয়েছে। এর মধ্যে রয়েছে ছয়টি কাভার্ড ভ্যান, ৯টি বড় ট্রাক, একটা বিআরটিসির বাস ও দুইটি মাইক্রোবাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের রাবার বুলেট ও চাইনিজ রাইফেলের ৪ হাজার গুলি এবং ১৫৫ রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।