‘বঙ্গবন্ধুর জীবনের একেকটি দিন নিয়ে সিনেমা হতে পারে’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ- যার জীবনের যে কোনো একটি দিন নিয়েও বোধহয় একটি সিনেমা নির্মাণ করা সম্ভব। এই মহান মানুষটির যে কোনো আন্দোলনের অধ্যায় তো বটেই, তার যে ত্যাগ-তিতিক্ষা রয়েছে তা নিয়েও বড় বড় কালজয়ী সিনেমা বানানো সম্ভব।’

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির প্রিমিয়ার শো আয়োজন করা হয়। প্রিমিয়ার শো উদ্ভোধনকালে শিক্ষামন্ত্রী দীপু এসব কথা বলেন।

তার কথায়, ‘আজকে আমরা যে চলচ্চিত্রটি দেখতে এসেছি সেটি বঙ্গবন্ধু পুরো জীবন নিয়ে নয়, তার শৈশব থেকে তারুণ্য নিয়ে। এতে আমরা বঙ্গবন্ধুর শৈশব-কৈশরের ধারণা পাবো। আশাকরি বঙ্গবন্ধুর স্থাপিত এফডিসি থেকে তাকে নিয়ে সিনেমা বানানোর যে প্রয়াস সেটি অব্যাহত থাকবে।’

প্রিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির পরিচালক সেলিম খান, চলচ্চিত্র পরিচারক সোহানুর রহমান সোহাস, শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা শান্ত খানসহ ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কলাকুশলীরা।

পরিচালক সেলিম খানের ভাষ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি অংশ নিয়ে এই চলচ্চিত্র তৈরি করা হয়েছে। এই চলচ্চিত্রটি সেন্সর বোর্ড একাধিকবার দেখেছে। জ্ঞানীগুণী জন দেখেই চলচ্চিত্রটিকে ছাড়পত্র দিয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে আজ পর্যন্ত কেউ চলচ্চিত্র নির্মাণ করেনি। আমরা তার শৈশব-কৈশোর নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি। চমকের কথা উল্লেখ করে পরিচালক সেলিম খান বলেন, আরও একটি চমক আছে দর্শকদের জন্য। আমরা জননেত্রী নামে আরও একটি চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছি। খুব শীঘ্রই এই চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হবে।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি ২৬ মার্চ মহান স্বাধীনতার রজতজয়ন্তীতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ১৪ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও সেটি স্থগিত করায় মুক্তি আটকে যায় ছবিটির। পুনরায় সেন্সর বোর্ডে প্রদর্শনের পর কিছু অংশ সংশোধন সাপেক্ষে (২৩ মার্চ) চূড়ান্ত ছাড়পত্র পায় চলচ্চিত্রটি। এরপর আগামী ২ এপ্রিল নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অন্যান্য চরিত্রে আছেন, দিলার জামান, মাজনূর মিজান, সুভ্রত, জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবাশানুসহ আরও অনেকে।

ইত্তেফাক/বিএএফ