আফগান যুদ্ধ বন্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ। কাতারে উভয়পক্ষের মধ্যে এ আলোচনা চলছে। তবে কাবুলের সরকারকে ‘পুতুল’ আখ্যায়িত করে তাদের সঙ্গে সরাসরি আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে তালেবান। বিবিসি।
চলমান আলোচনা এখন পর্যন্ত ছয় দিনে গড়িয়েছে। এর লক্ষ্য ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের অবসান ঘটানো। খলিলজাদ বলেন, ‘বর্তমানে আলোচনা অতীতে যেকোন সময়ের চেয়ে ফলপ্রসু হচ্ছে। যতক্ষণ না সবকিছুর ঐক্যমত্য হচ্ছে ততক্ষণ চূড়ান্ত সফলতা এসেছে বলা যাবে না।’
টুইটারে আলোচনার সবশেষ অবস্থা জানিয়ে একে একে টুইট করছেন খালিলজাদ। তবে কোন ইস্যুতে আলোচনা হচ্ছে এবং কতটা অগ্রগতি হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানান তিনি।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর দফতরের কথা বলে পুলিশের মাছ নিয়ে গেলেন মেয়র
এদিকে, ইতিমধ্যে হওয়া অগ্রগতি নিয়ে কাবুলের আফগান সরকারের সঙ্গেও কথা বলবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে এখন কাবুলের পথে রয়েছেন খলিলজাদ।
আফগানিস্তানে ন্যাটোর মিশনের অংশ হিসেবে বর্তমানে ১৪ হাজার মার্কিন সৈন্য সেখানে অবস্থান করছে। এর মধ্যে ৭ হাজার সৈন্যকে সরিয়ে নেয়ার ব্যাপারে ইতিমধ্যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে তালেবানও। তালেবানের একজন মুখপাত্র বলেন, ‘অমীমাংসিত বিষয়ে আলোচনা আরো চলবে।’
ইত্তেফাক/টিএস