রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবন দখল করে চলছে ঠিকাদারি কার্যক্রম

লক্ষ্মীপুর রামগঞ্জ পৌর কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করে বিদ্যালয়ের ভবন এবং মাঠ দখল করে বিগত এক মাস থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান রিপন এন্টারপ্রাইজের মালিক সেলিম হোসেন তার ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে আসছে। এতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুল পরিষ্কার ও শিক্ষকদের অফিসিয়াল কার্যক্রমে ব্যাহত হচ্ছে৷ 

সরজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের বারান্দা জুড়ে বিটুমিনের ড্রাম ও ঠিকাদারের বিভিন্ন মালামাল, মাঠ জুড়ে ইট, পাথর, পাথর ভাঙ্গানো মেশিন। অন্য পাশে বিটুমিন পুঁড়ানোর চুলা ধোঁয়ায় চারদিক আচ্ছাদিত, শত শত লেবার এখান থেকে বিটুমিনসহ রাস্তা সংস্কারের মালামাল তৈরি করে, ১০/১৫ কিলোমিটার দূরে চিতোসি রাস্তাসহ বিভিন্ন রাস্তায় গাড়ি ভরে নিয়ে যাচ্ছে৷


 রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবন দখল করে চলছে ঠিকাদারি কার্যক্রম। ছবি: ইত্তেফাক

এ ব্যাপারে প্রধান শিক্ষক নুরে নাজমার সাথে যোগাযোগ করলে তিনি মোবাইলে জানান, ঠিকাদার কিভাবে স্কুলের বারান্দা ও মাঠ দখল করে কাজ করছে, তা আমি জানি না। আমি স্কুলের দরজা জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে এক মাস থেকে অফিসিয়াল কাজ করে আসছি। শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করবো। ঠিকাদারি প্রতিষ্ঠান রিপন এন্টারপ্রাইজের মালিক সেলিম হোসেনের সাথে মোবাইলে বার বার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দৌলেতুর রহমান জানান, স্কুল দখল করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। আমি প্রধান শিক্ষককে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, এ ব্যাপারে আমি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/এমএএম