অর্ধেক জনবল নিয়ে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত ঢাবির

করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে অর্ধেক জনবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতিতে মাননীয় উপাচার্যের নির্দেশনায় সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫০ ভাগ জনবল দ্বারা এক সপ্তাহ করে রোস্টার ভিত্তিতে অফিস পরিচালনা করতে হবে। তবে গর্ভবতী, অসুস্থ ও ৫৫ ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের বাড়িতে বসে কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। রোস্টারকালীন সময়ে বাসায় অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারীদের কোন ক্রমেই বাসা থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে কর্মকর্তা ও কর্মচারীদের গণপরিবহন ব্যবহার না করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করতে বলা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম