আটক সু চি সুস্থ আছেন, জানালেন আইনজীবী

মিয়ানমারে সামরিক সরকারের হাতে আটক দেশটির নেত্রী অং সান সু চি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মিন মিন সো। এক ভিডিও কনফারেন্সে তাকে সুস্থ দেখা গেছে। বুধবার (৩১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মিন মিন সো বলেছেন, সু চি তার আইনজীবীদের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করতে চেয়েছেন এবং পুলিশের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে দীর্ঘ আলোচনা করতে রাজি হননি।

মিয়ানমারের নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের দিনই সামরিক বাহিনীর হাতে আটক হন সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ছয়টি রেডিও আমদানি ও করোনাভাইরাস বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে জান্তা সরকার। এছাড়া সম্প্রতি দুটি সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে সামরিক সরকার।

সু চির আইনজীবীরা এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন এবং ঘুষ গ্রহণের অভিযোগকে কৌতুক বলে উড়িয়ে দেন। আগামী বৃহস্পতিবার সু চির মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। গত বছরের নভেম্বরে নির্বাচনে জয় লাভ করে সু চির দল এনএলডি। এনএলডি জালিয়াতির মাধ্যমে নির্বাচনে জয় পেয়েছে অভিযোগ তুলে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। যদিও মিয়ানমারের নির্বাচন কমিশন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ঘোষণা দিয়েছিল।

ইত্তেফাক/এসএ