সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক যুবককে (৩০) পিটিয়ে এবং মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ মার্চ) সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার একটি হাউজিং কোম্পানির প্লট থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সকালে ওই এলাকার একটি অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌছে নিহতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টাসহ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ধারনা করা হচ্ছে অন্য কোথাও থেকে যুবককে ধরে এনে তাকে হত্যা শেষে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই যুবকের পরিচয় সনাক্তের পর স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমএএম