ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ খের

প্রবীণ অভিনেত্রী ও বিজেপির সাংসদ কিরণ খের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চণ্ডীগড় বিজেপির সভাপতি অরুণ সুদ এ খবর জানিয়েছেন।

বুধবার চণ্ডীগড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চণ্ডীগড়ের বিজেপি প্রেসিডেন্ট অরুণ সুদ জানান, ৬৮ বছর বয়সী অভিনেত্রী ও সাংসদ আপাতত চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। গত বছর থেকেই নাকি কিরণ খেরের চিকিৎসা শুরু হয়েছে।

অরুণ সুদ জানান, ‘গত বছর নভেম্বরে চণ্ডীগড়ের বাড়িতে ওনার হাত ভেঙে যায়। এরপর চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউড অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে চিকিৎসাধীন অবস্থায় ওনার শরীরে মাল্টিপেল মেলোমা ধরা পড়ে। সেই রোগ ওনার ডান হাতে এবং কাঁধে ছড়িয়ে পড়েছিল। এরপর ডিসেম্বর মাসের ৪ তারিখ উনি মুম্বাই উড়ে যান।

২০১৪ সালে চণ্ডীগড় আসন থেকে সাংসদ নির্বাচিত হন কিরণ খের। পাঁচ বছর পরেও বিজেপির টিকিটে ফের ভোটে জেতেন এই তারকা। অভিনেত্রী হিসাবে জীবনে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। সর্দারী বেগম (১৯৯৬) চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার এবং পরবর্তী সময়ে ঋতুপর্ণা ঘোষের বাড়িওয়ালি (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। দেবদাস, রং দে বাসন্তী, কুরবান, দোস্তানার মতো একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন।

ইত্তেফাক/কিএএফ