কলারোয়ায় দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ ও মেঝেতে পড়ে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

দুই শিশু সন্তানকে হত্যা করে তাদের মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি। 

নিহতরা হলেন, উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী মাহফুজা (২৮), ছেলে মাহফুজ (৯) ও সাড়ে চার বছরের কন্যা মোহনা।

লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এক ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশকে খবর দেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।   

ইত্তেফাক/এএএম