মেহেরপুরের মুজিবনগরে গোপন বৈঠক করার সময় মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খানসহ ১৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। এদের মধ্যে ৮জন পুরুষ ও ৫ জন নারী কর্মী রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুজিবনগর উপজেলার শিবপুর মাদরাসার পাশে ফজলুল হক গাজীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ককটেল, অসংখ্য জিহাদি বই ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এছাড়া সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক গোপন সভা করার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-মুজিবনগর উপজেলার বল্লভপুর মুসলিমপাড়ার মৃত আবুল হোসেন খানের ছেলে মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খান (৪৮), দারিয়াপুর কাবারীপাড়ার মৃত সফল উদ্দীনের ছেলে জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জারসিন হুসাইন(৬৭), গৌরিনগর মসজিদ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে জেলা জামায়াত ইসলামে তালিমুল কুরআন বিভাগের পরিচালক মশিউর রহমান(৬২), বিশ্বনাথপুর দক্ষিনপাড়ার মোজাম্মেল হকের ছেলে মুজিবনগর উপজেলা জামায়াত ইসলামের আমির খানজাহান আলী(৩৫), বিশ্বনাথপুর মালু পাড়ার মৃত আমানুল হকের ছেলে মুজিবনগর উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি খায়রুল বাশার(৪২), দারিয়াপুর কান্দিপাড়ার চাদ আলীর ছেলে মুজিবনগর উপজেলা জামায়াতের ইসলাম দাওয়াত বিভাগের সেক্রেটারি ফিরাতুল ইসলাম(৪৫), শিবপুর উত্তরপাড়ার মৃত ছাবেন উদ্দীন বিশ্বাসের ছেলে মুজিবনগর উপজেলা জামায়াত ইসলাম আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি মোশারফ হোসেন(৪৬), শিবপুর মাদরাসা পাড়ার মৃত কিয়ামুদ্দিন গাজীর ছেলে মুজিবনগর উপজেলা জামায়াত ইসলাম শ্রমিক কল্যাণ বিভাগের সেক্রেটারি ফজলুল হক গাজী।
নারী কর্মীরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের খাইরুল বাসারের স্ত্রী সাহেরা খাতুন(৩৮), বিশ্বনাথপুর গ্রামের খানজাহান আলীর স্ত্রী মমতাজ বেগম(৩৫), শিবপুর গ্রামের আসাদুল হকের স্ত্রী উম্মে হানি(৩৮), গোপালনগর গ্রামের মোশারফ হোসেন স্ত্রী রোকেয়া খাতুন(৪০), গৌরিনগর মসজিদপাড়ার মশিউর রহমানের স্ত্রী সেলিনা আক্তার(৪৫)।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, শিবপুর গ্রামের ফজলুল হক ফজু গাজীর বাড়িতে গোপন সভা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। সেখান থেকে বাড়ির মালিকসহ ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে জামায়াতের ৫ জন নারী কর্মীও রয়েছেন। তাদের কাছ থেকে ৩টি ককটেল, বিপুল সংখ্যক জিহাদি বই ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ দেখানো হয়েছে। আটক ১৩ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। বিকালের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ইত্তেফাক/এএএম