মেলান্দহে নবা মন্ডলের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুর জেলার মেলান্দহে ব্যবসায়ী নবা মন্ডলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার মেলান্দহ উপজেলার আমবাড়িয়া এলাকায় প্রধান সড়কে এ মানববন্ধন পালিত হয়।

এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ কমান্ডার, নিহতের স্ত্রী রোকসান আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বাদল, আশরাফ হোসেন মুকুল, শহিদুল্লাহ কাওছার, ইসমত আলী, মোজা পাঠান, নজরুল ইসলাম আক্তারসহ আরো অনেকে।

এ সময় বক্তারা নিরীহ ব্যবসায়ী নবা মন্ডলের হত্যাকারী মোজাম্মেল, রাকিব, মাসুম, শাহীন, রুজিনা, জাহেদুল ইসলাম, জাহানারা বেগম, মোর্শেদা বেগমসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ জানুয়ারি রাতে নবা মন্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে যায়। এ ব্যাপারে পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে ৮ জনকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মোর্শেদা বেগম নামে একজনকে আটক করলেও বাকি আসামিরা পলাতক।

আরও পড়ুনঃ গোদাগাড়ীতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

পুলিশ জানিয়েছে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু