বরগুনায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

বরগুনার তালতলীর টেংরাগীরি ইকোপার্কে ঘুরতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে চারজনকে আসামি করে তালতলী থানায় ধর্ষন মামলা দায়ের করেন। আসামিরা হলেন, কলাপাড়া উপজেলার আলিপুর গ্রামের সোহাগ (২৫), অপর তিনজন তালতলী উপজেলার ইদুপাড়া গ্রামের হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)। 

মামলার বিবরণে জানা যায়, বুধবার বিকেলে আমতলী থেকে তালতলীর সোনাকাটা টেংরাগিরি ইকোপার্কটিতে ঘুরতে আসেন ভুক্তভোগী গৃহবধূ ও তার দুলাভাই। পরে তারা ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে টেংরাগিরি ইকোপার্কে যান। হরিণের বেষ্টনীর কাছাকাছি গেলে দুলাভাই একটু দুরের একটি দোকান থেকে পানি কেনার জন্য  দোকানে যান। তখন ওই গৃহবধূ ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সেখানে দাঁড়িয়ে দুলাভাই বাবুলের জন্য অপেক্ষা করছিলেন। এসময় চার বখাটে এসে মোটরসাইকেল চালককে বলে-‘এখানে তোমরা প্রেম করতে এসেছো। এটা প্রেমের জায়গা নয়’। এরপর চালককে বেধড়ক চড় থাপ্পড় দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে গৃহবধূকে জোরপূর্বক বনের ভেতরে নিয়ে সোহাগ ও হাসান পালাক্রমে একাধিকবার ধর্ষণ করেন। আর মিজানুর ও জাহিদুল পাহারা দেন। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূকে থানায় নিয়ে আসে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি বাদী হয়ে চার আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/এএএম