থরে থরে সাজানো স্বপ্ন

পালাতে চেয়েছে কষ্ট প্রজাপতির রাঙা পাখায়

ডিগবাজি খেয়ে খেয়ে বসন্তরাতের নির্ঘুম কোনো

চোখের পাপড়ির ঘন জঙ্গলে; বিভ্রান্ত স্বপ্ন

পরাজিত জীবনের তাকে সাজিয়ে রেখেছি থরে

থরে সোনালি সকালে রোদসাগরে কাগজের

নৌকার মতো ভাসাবো বলে; মাটিচাপা দিয়েছি তো

স্মৃতির কফিন সরষে ফুলের কার্পেটে নীহারভেজা

মৌমাছির মিছিলে কিশোরদের দুরন্তপনা

দেখবো বলে; মুড়িয়ে রেখেছি রঙিন ঠোঙায়

আঁধার চোখের আলো, ক্লান্ত হূিপণ্ড, অভিলাষের

গনগনে ফুলকি, নীল ঢলের ঢেউ, আকাশপ্রতিম

তাপ-জ্বালা-দ্রোহ; শুধুই চাই জীবনের ধুলোয়

বাদামি ঘুম, নদীর জলে ডিঙার লণ্ঠনের

আলোকসজ্জা, প্রাচীন বটের ছায়ায় জমজমাট

গল্পআসর, পানকৌড়ির ভেজাচোখে জলের

কারুকাজ, দূর দ্বীপে ভেজা বাতাসের আলতো ছোঁয়া;