স্বাধীনতা এসেছে নরম ভোরের অলিগলি পথ ধরে
পুবের আকাশে টুকটুকে লাল রঙ ছড়িয়ে অকাতরে।
এসেছে নদীর কল কল কল ঢেউ স্রোতধারা বেয়ে
স্বাধীনতা এসেছে পাখির কণ্ঠে ঘুমভাঙা গান গেয়ে।
স্বাধীনতা এসেছে চাষার দু চোখে স্বপ্নের ছবি হয়ে
আশা বুকে বেঁধে আনন্দ সুখ সমাগম-লোকালয়ে
এসেছে সজীব সবুজের বুকে শিশিরের হাসি হেসে
স্বাধীনতা এসেছে মা মাটি তার ঘ্রাণ ভালোবেসে বেসে।
স্বাধীনতা এসেছে পদ্মফোটা দীঘিজলে টলটলে
সকল রকম অনিয়ম শাসন শোষণের পথ দলে
এসেছে গাঁয়ের দুপুরবেলার নিঝ্ঝুম মেঠোপথে
স্বাধীনতা এসেছে অগ্নি মিছিলের জয়বাংলার রথে।
স্বাধীনতা এসেছে পরাধীনতার শক্ত শেকল ছিঁড়ে
ক্ষুদিরাম প্রীতিলতা সূর্যসেন তাঁদের ত্যাগের ভিড়ে
এসেছে মুজিবের দীপ্ত চেতনার বাণী-কণ্ঠের স্বরে
স্বাধীনতা এসেছে রক্ত-দামের প্রতিদানে সাড়ম্বরে।