দেবীদ্বারে সংঘর্ষে নিহত ২

দেবীদ্বারে বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচ ও গান-বাজনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবক নিহত হয়। আহত হয়েছে আরো অন্তত ১০/১২ জন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে—উপজেলার আব্দুল্লাহপুর (জীবনপুর) গ্রামের হাবিব মিয়ার ছেলে সাইফুল ও মুরাদনগর উপজেলার গুঞ্জুর গ্রামের রেনু মিয়ার ছেলে রাহীম মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ওসি আরিফুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে বুধবার সন্ধ্যা থেকে কনের বাবার বাড়িতে নাচ ও গান-বাজনার আয়োজন চলছিল। রাতে সেখানে নাচতে যায় পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার গুঞ্জুর গ্রামের রাহিম, সজিব, মামুন ও আক্তার, সাইফুলসহ আরো কয়েক জন। এ নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে তাদের বাগিবতণ্ডা হয়। এর জেরে বিয়েবাড়ির পশ্চিম পাশে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাহিম ঘটনাস্থলেই মারা যায় এবং দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সাইফুল ইসলাম মারা যায়। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, বিয়েবাড়িতে নাচ-গান করতে এসে স্থানীয় যুবকদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের ছেলেদের কী নিয়ে সংঘর্ষ ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কনের বাবা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।